তাবলিগে যাওয়ার কথা বলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি আরাফাত রহমান (২৪) নামের এক তরুণ। দীর্ঘ ২৫ দিন পার হলেও পরিবারের সঙ্গেও যোগাযোগ করেননি তিনি।
পরিবারের সদস্যরাও বিভিন্ন স্থানে তার সন্ধান করে কোনও খোঁজ পাননি। এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরাফাতের বাবা মমিনুল হক এসব কথা জানান।
এ সময় আরাফাতের মা মমতা হক, আরাফাতের আড়াইমাস বয়সী মেয়ে মরিয়মসহ স্ত্রী রিমা আক্তার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মমিনুল হক জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে আরাফাত মোহাম্মদপুরের বছিলা মডেল টাউনে থাকতো। ৭ অক্টোবর সাভারের আমিন বাজারে তাবলিগের যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি সে। মোবাইল ফোনও বন্ধ রয়েছে। গাবতলী, আমিন বাজার, সাভার ও আশুলিয়ায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় ১০ অক্টোবর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২৯ অক্টোবর র্যাব-২ এ বিষয়টি জানানো হয়।
আরাফাতের বাবা মমিনুল হক আরও জানান, নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল থেকে ২০১০ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ঢাকার মিরপুর কমার্স কলেজ থেকে ২০১২ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় আরাফাত। এরপর ঢাকা কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে তিন মাস ক্লাস করে অনিয়মিত হয়ে পড়ে সে। তারপর ‘ডেসটিনি-২০০০’ এ যোগ দেয়। পাশাপাশি একটি প্যারামেডিক্যাল কোর্সও করে। এসএসসি পরীক্ষার পর থেকে নিয়মিত তাবলিগে যেত সে।