রাজধানীর কাকরাইলে শামসুন্নাহার ও তার ছোট ছেলে সাজ্জাদুল করিম শাওন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করা হলে প্রত্যেককে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুক্রবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম আসামিদের জামিন আবেদন নাকচ করে রিমান্ডের অনুমোদন দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
উল্লেখ্য, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নিজ বাসায় খুন হন শামসুন্নাহার ও তার ছোট ছেলে সাজ্জাদুল করিম শাওন। করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিনকে আসামি করে বৃহস্পতিবার রাতে রমনা থানায় হত্যা মামলা করেছেন নিহত শামসুন্নাহারের ছোট ভাই আশরাফ আলী। এই মামলায় শারমিনের ছোট ভাইকেও আসামি করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, সম্পত্তি ও পারিবারিক দ্বন্দ্বের কারণে এই জোড়া খুন হতে পারে।
আরও পড়ুন:
ছুরিকাঘাতেই খুন হয়েছে মা-ছেলে: ময়নাতদন্তকারী চিকিৎসক