ব্যাটারিচালিত অটোর ধাক্কায় মায়ের মৃত্যু, সন্তান আহত

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহতরাজধানীর উত্তরায় সন্তানকে ডাক্তার দেখিয়ে ঘরে ফেরার পথে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় প্রাণ গেলো একজন মায়ের। তার নাম মর্জিনা খাতুন (৩০)। আহত হয়েছে তার মেয়ে সামিয়া (৫)। শনিবার (৪ নভেম্বর) দুপুরের এ ঘটনায় চালকসহ আটক করা হয়েছে ওই অটো।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান। তিনি জানান, শনিবার দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরের ওয়াসা পাম্পের সামনে ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য মর্জিনার মৃতদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।
মর্জিনার স্বামী শফিউল্লাহ নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। তিনি জানান, শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে মেয়েকে ডাক্তার দেখিয়ে ঘরে ফিরতে রাস্তা পার হওয়ার সময় অটোর ধাক্কায় আহত হন মর্জিনা। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান উত্তরা কমিউনিটি হাসপাতালে।
পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে বিকাল পৌনে ৫টায় কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। তবে তার মেয়ে সামিয়া বেঁচে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসার পর বাসায় পাঠানো হয়েছে।

শফিউল্লাহ ও মর্জিনার দুই মেয়ে ও এক ছেলে। তারা ভাড়া থাকেন দক্ষিণখান থানার আজমপুর কাঁচাবাজারের পাশে মুক্তিযোদ্ধা সড়কের জালাল মিয়ার বাড়িতে। মর্জিনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে। তিনি বাসাবাড়িতে কাজ করতেন।