দুদকের ফাঁদে ওয়াকফ সহকারী প্রশাসক

দুদকঘুষসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে ধরা পড়লেন বাংলাদেশ ওয়াকফ’র সহকারী প্রশাসক মো. মোতাহার হোসেন খান। রবিবার (০৫ নভেম্বর) দুপুরে ওয়াকফ কার্যালয় থেকে ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে দুদক। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেছেন।

দুদক হটলাইনে আসা একটি অভিযোগের ভিত্তিতে মোতাহারকে নিজ কার্যালয় থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, কেরানীগঞ্জের বাঘৈরে ওয়াকফ করা জমি বিক্রির অনুমতি দিতে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা ঘুষ চান বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেন খান।

ঘুষ দাবির বিষয়টি ভুক্তভোগী ব্যক্তি দুদকের হটলাইন-১০৬ এ ফোন করে অভিযোগ করেন। রবিবার ঘুষ দেওয়ার কথা ছিল। বিষয়টি আমলে নিয়ে দুদক বিশেষ টিম গঠন করে।

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার নেতৃত্বে টিমটি রবিবার সকাল থেকেই ওয়াকফ কার্যালয়ের পাশে ওঁৎ পেতে থাকে। দুপর সাড়ে ১২টার দিকে অফিসে বসেই মোতাহার হোসেন ঘুষ নেন। এ সময় ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। এছাড়া, তার প্যান্টের পকেট ও কক্ষের আলমারি তল্লাশি করে আরও ৭৯ হাজার টাকা পাওয়া যায়। এ টাকার উৎস সম্পর্কে তিনি কোনও জবাব দিতে পারেননি।