কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তার নাম আঁখি আকতার রাত্রি (১৫)। ঘটনাটি বুধবার (২২ নভেম্বর) বিকালের।
কিশোরীর সৎ মা নূর নেসা জানান, কামরাঙ্গীরচর কোম্পানিঘাট ভাড়াবাসায় ঘটনাটি ঘটে। ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয় রাত্রি। তবে কী কারণে রাত্রি আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।
মেয়েকে ঝুলতে দেখে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য রাত্রির মৃতদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।
স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল রাত্রি। তার বাবার নাম মো. সবুজ মিয়া, পেশায় প্রাইভেট কার চালক। এক ভাই এক বোনের মধ্যে এই মেয়েটি ছিল বড়। তার মা রুমা বেগম সৌদি প্রবাসী। পরে তার বাবা নূর নেসাকে বিয়ে করেন। তবে এই সংসারে তার কোনও সন্তান নেই।