উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর কাইউস জানান, উত্তরার ৯ নম্বর সেক্টরের ৩/বি সড়কের ১৮ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে শনিবার (২৫ নভেম্বর) কলেজছাত্র তাসফিউজ্জামানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
ওই ছাত্রের পরিবারের বরাত দিয়ে এসআই ওমর জানান, তাসফিউজ্জামান স্থানীয় একটি কলেজে এ লেভেলের ছাত্র ছিলেন। মাদকাসক্ত হয়ে পড়েছিলেন তিনি। একইসঙ্গে ভুগছিলেন মানসিক সমস্যায়। শনিবার সকালে নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় বিদ্যুতের তার প্যাঁচিয়ে তাসফিউজ্জামান আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের। সকাল সাড়ে ৯টায় তারা এই তরুণকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে।
এদিকে উত্তরা পশ্চিম থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, উত্তরার সেক্টর-১১’র ১৯ নম্বর সড়কের ৩৩ নম্বর বাড়ি থেকে আবুল বাশার (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার স্ত্রী শারমিন ফেরদৌসের বরাত দিয়ে এসআই সাদেক জানান, শুক্রবার (২৪ নভেম্বর) রাতের খাবার খেয়ে বাসার সবাই ঘুমিয়ে পড়েন। শনিবার ভোর সাড়ে ৬টায় তিনি ঘুম থেকে উঠে দেখেন ডাইনিং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন আবুল বাশার।
তাদের ছেলে মো. ইলিয়াস জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ইবনে সিনা হাসপাতালের একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের অধীনে তার চিকিৎসা চলছিল। ইলিয়াসের দাবি, ‘বাবা প্রায়ই বলতেন— আমি আত্মহত্যা করবো।’
অন্যদিকে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, ভাটারা থানার নূরেরচালা ১২৪১ দাগের একটি ভাড়াবাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন আবু তাহের আক্কাস (২১)। শুক্রবার দুপুরের খাবার শেষে নিজের রুমে ঘুমিয়ে পড়েন তিনি। সন্ধ্যা সোয়া ৫টায় তার স্ত্রী এসে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।
থানায় যোগাযোগ করা হলে পুলিশ রাত সাড়ে ৮টায় গিয়ে আক্কাসের লাশ উদ্ধার করে। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জুয়েল খানের ছেলে।