অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির সঙ্গে পুলিশ স্টাফ কলেজের এমওইউ সই

অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটি এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটি  এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) পুলিশ স্টাফ  কলেজের আইসিসি কক্ষে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পিএসসি’র রেক্টর ডা. এম. সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি একেএম শহীদুল হক। বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনার মিস জুলিয়া নিবলেট ও  ম্যাকুয়ারি ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. শেরমান ইয়ং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, অনুষ্ঠানে ম্যাকুয়ারি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করা পুলিশ কর্মকর্তা, এমএসিপিএম-এর শিক্ষার্থী, অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তা এবং পুলিশ স্টাফ কলেজের বিভিন্ন অনুষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক তথ্য বিনিময়, স্কলারশিপ, অতিথি শিক্ষক হিসেবে পাঠদান, অনুষদগুলোর সক্ষমতা বাড়ানো, স্টাডি ট্যুর, যৌথ প্রশিক্ষণ, সেমিনার এবং গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া, পুলিশ স্টাফ কলেজের মাস্টার্স প্রোগ্রামের জন্য যৌথ সেমিনার আয়োজন এবং যৌথভাবে স্কাইপ-এ বক্তৃতাসহ শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমের আয়োজন করা হবে। 

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘ম্যাকুয়ারি ইউনিভার্সিটি ও পুলিশ স্টাফ কলেজের মধ্যে সম্পাদিত এ স্মারক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা করবে। সন্ত্রাস দমনের ক্ষেত্রে দক্ষতা বাড়াবে। পুলিশ কর্মকর্তাদের জন্য এ স্মারক জননিরাপত্তা, সাইবার ক্রাইম ও আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমের ওপর উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের  ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের সামর্থ্য বৃদ্ধি ও পেশাদারিত্ব অর্জনের ক্ষেত্রে অবদান রাখবে। ’

অস্ট্রেলিয়ার হাই কমিশনার তাকে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ স্মারকের মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের মধ্যে সহযোগিতা, অংশীদারিত্ব ও পেশাগত জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হলো। এছাড়া, জঙ্গি ও সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ক্ষেত্র সম্প্রসারিত করার নতুন দিগন্তের উন্মোচন হলো।’ তিনি আরও বলেন, ‘এ স্মারক দক্ষতা, পেশাগত ও কারিগরি জ্ঞান আদান-প্রদানের ক্ষেত্রে ভূমিকা পালন করবে।’ ২০১৭ সালে বাংলাদেশের ১০০ জন কর্মকর্তা অস্ট্রেলিয়ায় বিভিন্ন ক্ষেত্রে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করেছেন বলে জানান তিনি।

ম্যাকুয়ারি ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ইয়ং বলেন, ‘এ স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখতে  এবং শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিনিময় করতে পারবো।’

সভাপতির বক্তব্যে এম. সাদিকুর রহমান বলেন, ‘এ স্মারক পুলিশ স্টাফ কলেজের ইতিহাসে মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। এর ফলে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা ছাড়াও বিভিন্ন অনুষদের সদস্য ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, অনলাইন লাইব্রেরি ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: 

সেনানিবাস বিলের অস্পষ্টতা দূর করতে সংসদীয় সাব কমিটি