ঢাকায় রিকশায় চড়লেন পোপ (ছবিঃ ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি)বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রিকশায় চড়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে কাকরাইলের আর্চবিশপ হাউসে বিশেষভাবে প্রস্তুত করা একটি রিকশায় চড়েন পোপ। রিকশায় পোপকে বেশ হাস্যোজ্জ্বল মুখে দেখা যায়। এসময় পাশেই ছিলেন ঢাকার আর্চবিশপ প্রেসিডেন্ট ও বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনী কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।
পোপের সফর উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সমন্বয়কারী ফাদার কমল কোড়াইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, পোপ ফ্রান্সিস রিকশায় চড়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সেজন্য রিকশাটি প্রস্তুত করা হয়েছিলো।
এর আগে দুপুরে ভ্যাটিকান দূতাবাসে যান পোপ ফ্রান্সিস। সেখানে পোপের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পোপকে নৌকা উপহার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় রিকশায় চড়লেন পোপ (ছবিঃ ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি)বৃহস্পতিবার দুপুরে মিয়ানমার থেকে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের চাটার্ড ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান পোপ ফ্রান্সিস। সেখানে থেকে তিনি চলে যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এরপর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন পোপ। বিকালে বঙ্গবভনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
ঢাকায় রিকশায় চড়লেন পোপ (ছবিঃ ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি)আগামীকাল শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় তেজগাঁও মাদার তেরেসা ভবন পরিদর্শন করবেন পোপ ফ্রান্সিস। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও গির্জায় যাজক, ব্রাদার-সিস্টার, সেমিনারিয়ান ও নবিসদের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও কবরস্থান ও পুরানো গির্জা পরিদর্শন করবেন পোপ। একইদিন বেলা ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর নটরডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। আর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে রোমের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।