অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ফের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন তার একান্ত সচিব।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুরিয়ারে পাঠানো একটি চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ডাকে চিঠিটি এসেছে। একটি বিশাল প্রতিবেদন (লেখা) পাঠিয়েছে। এই প্রতিবেদনটি প্রধানমন্ত্রীকে দেখাতে বলা হয়েছে। এরপর শেষের দিকে আমাকে বলা হয়েছে, ‘জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও। তোমার-আমার সময় ঘনিয়ে এসেছে।’ আমি বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি। সেখানে জিডি করা হয়েছে।’’
এদিকে চিঠির কপি নিয়ে অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবির আহমেদ সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন,‘এ বিষয়ে এখনও আমাদের থানায় কেউ আসেননি। আসলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেলকে এ নিয়ে চার বার হত্যার হুমকি দেওয়া হলো। এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট এবং ২০১৬ সালেল ৩০ মে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কোনোবারই পুলিশ হুমকিদাতাদের চিহ্নিত করতে পারেনি।
আরও পড়ুন: ফরহাদ মজহারের বিরুদ্ধে মামলার অনুমতি