নিম্নচাপে উত্তাল সাগর, এর প্রভাবে শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আগামীকাল রবিবারও কোনও কোনও অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকলেও সোমবার নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে অসময়ের এই বৃষ্টির পরপরই জেঁকে বসতে পারে শীত। চলতি মাসের শেষে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও করছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১টি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া মাসের শেষদিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত ও নদী বন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপের কেন্দ্রের আশেপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে।
অন্য এক সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি ঢাকা, ফরিদপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, পাবনা অঞ্চলগুলোর উপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।