বাড্ডায় নিজের ফ্ল্যাটে ব্যবসায়ীর গলাকাটা লাশ

 

মনজিল হকরাজধানীর বাড্ডায় আফতাব নগর এলাকার একটি বাড়ি থেকে মনজিল হক (৩৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের পর  আফতাব নগরে ‘ডি’ ব্লকের ৩ নম্বর সড়কের ৫ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ওই ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছি। তবে কারা কেন মনজিল হককে  হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

তিনি জানান, ব্যবসায়ী মনজিল তার নিজের ফ্ল্যাটেই থাকতেন। তার পরিবারের সদস্যরা কেউই ওই ফ্ল্যাটে থাকেন না।

এ ঘটনায় শারমিন আক্তার ওরফে নিশি নামের এক তরুণীকে আটক করার তথ্য থাকলেও পুলিশ কাউকে আটকের বিষয়টি অস্বীকার করেছে।

নিহত মনিজল হকের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। কয়েক মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে।তবে কী কারণে তিনি হত্যার শিকার হলেন, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ তা নিশ্চিত করে বলতে পারেননি। তিনি বলেন, ‘আমরা পারিবারিক বিষয়সহ আরও কয়েকটি দিক অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করেছি।’

ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার  আশরাফুল করিম জানান, মনজিল নামের ওই ব্যক্তির গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।