তুরাগে ৪০ হাজার ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

র‌্যাবের হাতে গ্রেফতার মাদক সম্রাট বেলাল উদ্দিনরাজধানীর তুরাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ওই ব্যক্তির নাম বেলাল উদ্দিন (৫০)।
সোমবার (১১ ডিসেম্বর) ভোরে তুরাগের দক্ষিণ রাজবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল জানতে পারে তুরাগের দক্ষিণ রাজবাড়ী এলাকার দুই নম্বর ওয়ার্ডের ‘বি’ ব্লকের পাঁচ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার দ্বিতীয় তলায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে এসেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই বাসায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ বেলাল উদ্দিনকে গ্রেফতার করেন।বেলালের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা থানার বাসুদেবপুরে। তার বাবার নাম মৃত কোরবান আলী।

বেলাল উদ্দিনের কাছ থেকে জব্দ করা ইয়াবা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন র‌্যাব কর্মকর্তাদের জানায়, সে চট্টগ্রামের এক ব্যক্তির মাধ্যমে মিয়ানমার থেকে বিভিন্ন কসমেটিকস, শাড়ি কাপড় ইত্যাদি আমদানির আড়ালে ইয়াবা নিয়ে আসেন। এসব ইয়াবা চট্টগ্রাম থেকে বিশেষ পদ্ধতিতে বিভিন্ন পরিবহনের সিটের নিচে লুকিয়ে ঢাকায় আনা হয়। এই  ইয়াবা পরবর্তীতে বগুড়া ও নাটোর এলাকায় নিয়ে খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি রবিউল ইসলাম জানান, ইয়াবা ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে কক্সবাজার থেকে ঢাকাসহ সারাদেশে ইয়াবা আনছে। ইয়াবা আনতে তারা নিত্য-নতুন কৌশল ব্যবহার করছে। ইয়াবা ব্যবসায়ীরা জুতা, টুপি, মাছের পেট, ফুল, শরীরের বিশেষ অঙ্গসহ গণপরিবহনে, প্রাইভেট গাড়িতে, পণ্যবাহী ট্রাকে, গণপরিবহনের শ্রমিকদের মাধ্যমে আবার কখনও কখনও নারীদের অন্তর্বাসে করে ইয়াবার চালান নিয়ে আসে। এ ক্ষেত্রে তাদের দলে মাদক সরবরাহ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীও রয়েছে। যারা বিশেষ পদ্ধতিতে বিভিন্ন উপায়ে ইয়াবার চালান নিয়ে আসে।

র‌্যাব কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘এঘটনায় তুরাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। বেলালকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’