বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। সেখানে সমাবেশ শেষে বেলা ১২টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
সাড়ে ১২টার দিকে মিছিলটি পল্টন, কাকরাইল হয়ে শান্তিনগর এলাকায় পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ।
পুলিশি বাধার কারণে পরে সেখানেই কর্মসূচি শেষ করে হেফাজত। সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেওয়ার জন্য মার্কিন দূতাবাসের উদ্দেশে যাত্রা করেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আব্দুল কাদের, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী ও মাওলানা ফজলুল করীম কাসেমী।
মাওলানা আজীজুল হক ইসলামাবাদী জানান, মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানিয়ে দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার জুমার নামাজের পরই এই ঘোরাও কর্মসূচি ঘোষণা করেন হেফাজত নেতারা।
আরও পড়ুন- মার্কিন দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন হেফাজত কর্মীরা