কল্যাণ পার্টির মহাসচিব আবারও দুই দিনের রিমান্ডে

গ্রেফতার হওয়ার পর কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমাননিখোঁজের চার মাস পর রাজধানীর শাহজাদপুর এলাকায় সন্ধান পাওয়ার পর গ্রেফতার হওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে, চার দিনের রিমান্ড শেষে আমিনুর রহমানকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক জিহাদ হোসেন। তিনি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার অভিযোগে আবারও তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গত ২২ ডিসেম্বর শাহজাদপুর এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে নেওয়া হলে পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, এ বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন ২০ দলীয় ঐক্যজোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির পথে রওনা হওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি তার। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ ছিল।