রবিবার (৭ জানুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আদালতে এনআরবি ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। এছাড়া, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
এর আগে, গত ৫ ডিসেম্বর ব্যাংক কোম্পানি আইনের ৪৬(১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে গত ৭ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকটির আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই অপসারণ আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেছিলেন অ্যাডভোকেট হামিদা চৌধুরী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহাকারী অ্যটর্নি জেনারেল বিভূতি ভূষণ বিশ্বাস।
পরে বিভূতি ভূষণ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, একটি রিটের শুনানি নিয়ে আদালত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা আদেশ স্থগিত করেছেন। আমরা আদেশের বিষয়টি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন তারা মতামত জানালে আমরা এর বিরুদ্ধে আপিল করব।