কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ নিয়োগে হাইকোর্টের রুল

সুপ্রিম কোর্টজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজগুলোয় উপাধ্যক্ষদের সুনির্দিষ্ট কার্যপরিধি প্রণয়ন এবং উপাধ্যক্ষ থেকে পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগের পদ্ধতি চালু করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, আইন সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহা পরিচালক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রবিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।  রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

পরে মো. হুমায়ন কবির জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরিবিধি-১৯৯৪ এবং সংশোধিত চাকরিবিধি-২০১৫ এর কোথাও উপাধ্যক্ষদের কাজের সুনির্দিষ্ট কার্যপরিধি উল্লেখ নাই। এছাড়াও অধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে উপাধ্যক্ষদের কোনও অগ্রাধিকার দেওয়া হয় না। যে কারণে সংক্ষুব্ধ হয়ে বগুড়া কলেজের উপাধ্যক্ষ এ কে এম মাইন উদ্দিনসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৮ জন উপাধ্যক্ষ হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।