সিলেটের কানাইঘাট উপজেলার ইউএনও’কে হাইকোর্টে তলব

সুপ্রিম কোর্টউচ্চ আদালতের নির্দেশনা পালন না করায় সিলেটের কানাইঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাহসিনা বেগমকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। এর পাশাপাশি ইউএনও’র উপস্থিতি নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ জানুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
প্রসঙ্গত, সিলেট জেলার কানাইঘাট উপজেলার নয়ামাটি দক্ষিণ ও বাঁশবাড়ি মৌজার বাসিন্দারা শতাধিক বছর ধরে ‘ডোলারজান’ নামের  জলমহালটি ভোগদখল করে আসছিলেন।  অবৈধভাবে তা একটি সমিতির অনুকূলে ইজারা দেওয়ার কারণে গ্রামবাসী মামলা দায়ের  করেন। এরপর ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর আদালত তার রায়ে ওই জলমহালটি ইজারা না দিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে রায় দেন।
পরে উক্ত রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে সরকার ও ইজারাগ্রহীতারা পৃথক পৃথক আপিল দায়ের করলে, আদালত তা খারিজ করে দেন। এরপর ওই আদালতের রায়ের বিরুদ্ধে ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন দায়ের করেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক ও কানাইঘাট উপজেলার নির্বাহী অফিসার। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ এই মামলায় স্থিতাবস্থা জারি করেন। 

কিন্তু আদালতের সেই স্থিতাবস্থা সত্ত্বেও পুনরায় ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করায়, আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে হাইকোর্ট ইউএনও'কে তলব করেন।