নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়: চুমকি

বক্তব্য রাখছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিনারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। বাংলাদেশের মেয়েরাও অনেক ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর থেকে এগিয়ে আছে। রাজধানীর গার্লস গাইড অডিটোরিয়ামে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ও শ্রীলঙ্কা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি একথা বলেন। ‘স্টপ দ্য ভায়োলেন্স, ন্যাশনাল ট্রেনিং অব ট্রেইনার্স’ এর উদ্বোধনকালে তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে আঞ্চলিক সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাল্যবিবাহ নিরোধ আইন সংসদে পাস হয়েছে। সহিংসতা নিরোধে ১০৯ হেল্পলাইন চালু করা হয়েছে।’ তিনি বলেন, ‘সহিংসতা প্রতিরোধবিষয়ক  সব কাজে পুরুষের অংশগ্রহণ বাড়াতে হবে।’

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- চিকিৎসা, মেডিক্যাল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ, শ্রীলঙ্কা গার্লস গাইড প্রতিনিধি দলের প্রধান চামাথা ফারনান্দো প্রমুখ।