শিশু জিহাদের মৃত্যু, ক্ষতিপূরণ আদায়ে আইনি নোটিশ

শিশু জিহাদ (ছবি- সংগৃহীত)রাজধানীর শাজাহানপুরে নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হাইকোর্টের রায় ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন না হওয়ায় সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) নোটিশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম। এর আগে সোমবার জিহাদের পরিবারের পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান এবং ফায়ার সার্ভিসের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজকে নোটিশটি পাঠানো হয়।
ব্যারিস্টার মো. আব্দুল হালিম বলেন, ‘গতকাল (সোমবার) সংশ্লিষ্টদের কাছে ক্ষতিপূরণ চেয়ে একটি নোটিশ পাঠিয়েছি। আদালতের রায়ের পর ৯০ দিনের মধ্যেও ক্ষতিপূরণ না পাওয়ায় এই নোটিশটি পাঠানো হয়েছে। সোমবার থেকে মোট ১৪ দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে মামলা করা হবে।’
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে একটি খোলা নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। এরপর প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে অপারগতা প্রকাশ করে ফায়ার সার্ভিস। এর কিছু পরেই কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে তুলে এনে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম হাইকোর্টে রিট দায়ের করেন।

সেই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদাণের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:

ঢাবির প্রশাসন ভবনের গেট ভাঙলেন আন্দোলনকারীরা (ভিডিও)