১৩ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টপটুয়াখালীর বাউফল উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও জেলার সদর ও পীরগঞ্জ উপজেলার জামালপুর হাইস্কুল ও বাদুয়া হাইস্কুলের মোট ১৩ জন শিক্ষককে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার)  ভুক্তির নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল  আমিন সরকার।

পরে অ্যাডভোকেট সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ) শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা অনুযায়ী বেতন প্রদান করে থাকে। এই নীতিমালায় এমপিও ভুক্তির সব শর্তের কথা বলা হয়েছে। কেবলমাত্র ওইসব শর্ত পূরণ করলেই কর্তৃপক্ষ এমপিও প্রদান করে থাকে। তাই আবেদনকারীরা সবাই  শর্ত পূরণ করলেও তাদেরকে এমপিওভুক্ত করা হয়নি।

এর পর ওই শিক্ষকরা এমপিওভুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বলেও তিনি জানান।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি