চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই মিরপুরে হিজড়া গুরু খুন

হত্যাচাঁদার টাকা ভাগাভাগি নিয়েই খুন হয়েছেন রাজধানীর মিরপুরে হিজড়া গুরু কোকিলা। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তারই দুই শিষ্য হিজড়া। জবানবন্দি গ্রহণের পর তাদের জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
মিরপুর থানার এসআই ইউসুফ জানান, এই হত্যার ঘটনায় আটক মমতাজ ও পায়েল হিজড়া আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন মমতাজ হিজড়া। তার আগে শুক্রবার পায়েল হিজড়াও একই জবানবন্দি দেন।
জবানবন্দিতে আসামিরা বলেন, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে কোকিলা হিজড়ার সঙ্গে তাদের প্রায়ই ঝামেলা হত। এর আগে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছিল। গত বৃহস্পতিবারও টাকা ভাগাভাগি নিয়েই তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা দুজন মিলে কোকিলার গলা কেটে হত্যা করেন। পরে তারা সেখান থেকে পালিয়ে যান।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে হিজড়া গুরু কোকিলার লাশ উদ্ধার করে পুলিশ। এ  ঘটনায় নিহতের পালক কন্যা বীথি হিজড়া বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেন।