এক হাতের অপারেশন শেষ, ভালো আছেন আবুল বাজানদার

এক হাতের অপারেশনের পর আবুল বাজানদার

বৃক্ষমানবখ্যাত আবুল বাজানদারের এক হাতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর স্বাভাবিক আছেন তিনি। রবিবার (২৮ জানুয়ারি) বাজানদারের স্ত্রী হালিমা এ তথ্য নিশ্চিত করেছেন।

হালিমা বলেন, ‘গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে ওটি’তে (অপারেশন থিয়েটারে) নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ২টার দিকে ওটি থেকে তাকে বের করে আনেন ডাক্তাররা।’

তিনি আরও বলেন, ‘তার এক হাতে অস্ত্রোপচার হয়েছে। তার অবস্থা এখন ভাল। অপারেশন করার পর শরীরে যে ব্যথা হয় তা আছে। ডাক্তাররা আরেক হাতে কখন অস্ত্রোপচার করবেন সে ব্যাপারে কিছু বলেনি।’

অপারেশনের পর ভালো আছেন আবুল বাজানদার

জানা যায়, টানা ছয় মাস অবজারভেশনে রাখার পর শনিবার দুপুরে তার অস্ত্রোপচার করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকেরা।

উল্লেখ্য, আবুল বাজানদার প্রায় দুই বছর ধরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার হাতে থাকা শিকড়ের মতো অংশগুলো বেশ কয়েক দফার অস্ত্রোপচার শেষে অপসারণ করেছেন চিকিৎসকরা। পরবর্তীতে তার রোগটি জিনগত নাকি ভাইরাসজনিত তা জানতে পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে নমুনা পাঠানো হয়। সেখানে তার রোগটিকে জিনগত হিসেবে শনাক্ত করা হয়।