দেশের বিভিন্নস্থানে বিশেষ শনিবার রাতে অভিযান চালিয়ে ২ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৪৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও যানবাহন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত ৩৮ জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল অ্যাফেয়ার্স) মো. আনিসুজ্জামান।
গাজীপুর রিজিয়নের মহাসড়কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১২ গ্রাম গাঁজা, ৫৮ বোতল ফেনসিডিল, ৫.৫০ টন ফেব্রিক্স, ১টি কার্ভাড ভ্যান, ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে ৯ জনকে। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।
বগুড়া রিজিয়নের মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা, ৯৮ বোতল ফেনসিডিল, ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং আটক করা হয়েছে তিনজনকে। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল অ্যাফেয়ার্স) মো. আনিসুজ্জামান বলেন, ‘অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য, যানবাহন ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’