সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ একাডেমিক স্বীকৃতি ও পাঠদান অনুমোদন

শিক্ষা মন্ত্রণালয়দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার বিষয়টি চলমান প্রক্রিয়া হলেও আপাতত তা বন্ধই থাকছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত অলিখিতভাবে কোনও প্রতিষ্ঠানকেই এই বিষয়গুলোর অনুমোদন দেওয়া হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি। নন-এমপিও শিক্ষকদের এমপিও (মান্থলি পে অর্ডার) দেওয়ার বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত এসব প্রক্রিয়া অলিখিতভাবে বন্ধ রাখা হয়েছে। এমপিও দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় লাগবে। এসময় এই কাজ করা সম্ভব হচ্ছে না। সেপ্টেম্বরে এমপিও দেওয়ার কাজ শেষ হলে আবার আগের মতোই একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার অনুমোদন দেওয়া হবে।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সালমা জাহান বলেন, ‘এমপিও দেওয়ার কাজ শেষ না হলে একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার অনুমোদন দেওয়া বন্ধ থাকবে। শত শত আবেদন আমাদের কাছে রয়েছে। এমপিও দেওয়ার কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রুত সে কাজটি করতে হচ্ছে। সে কারণে এখন অলিখিতভাবে একাডেমিক স্বীকৃতি ও পাঠাদান অনুমোদনের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।’
যুগ্মসচিব জানান, যারা আবেদন করছেন তাদের এই কয়েকটি মাস অপেক্ষা করতে হবে। সেপ্টেম্বর থেকে আবার যথারীতি সব ধরনের অনুমোদন ও স্বীকৃতি দেওয়া হবে। তবে অনুমোদন বা স্বীকৃতি এই কয়েক মাস না মিললেও এসব কাজের প্রক্রিয়া বন্ধ থাকবে না বলে জানান তিনি।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার প্রাথমিক কাজ সেপ্টেম্বর পর্যন্ত যতটা সম্ভব এগিয়ে নেওয়া হবে। তবে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার কাজের প্রত্রিয়া সম্পন্ন না করে একটি প্রতিষ্ঠানেরও একাডেমিক স্বীকৃতি, পাঠদান, বিভাগ ও শ্রেণি খোলার অনুমোদন দেওয়া হবে না। দেশের শিক্ষা বোর্ডগুলোও এ বিষয়টি মাথায় রেখেই কাজ করছে।
আরও পড়ুন-

নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
৭৫ হাজার মাধ্যমিক শিক্ষক এমপিও পাচ্ছেন অক্টোবর থেকে