সহকর্মীকে মারধরের ঘটনায় এনসিটিবির দুই কর্মকর্তাকে ওএসডি

 

এনসিটিবিজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক অফিস ভাঙচুর ও সহকর্মীকে মারধরের ঘটনায় দুই কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এই দুই কর্মকর্তা হলেন, সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) কারিকুলাম বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ড. তৌফিকা আক্তার এবং বিশেষজ্ঞ হিসেবে প্রেষণে কর্মরত প্রাণিবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল আজিজ ফয়সাল। বুধবার (৩১ জানুয়ারি) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের ওএসডির আদেশ জারি করা হয়।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, এনসিটিবি-তে প্রেষণে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ড. আবদুল আজিজ ফয়সাল ও  ড. তৌফিকা আক্তারকে অসদাচরণের দায়ে ওএসডি করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তাদের ওএসডি করা হয়। তারা তাৎক্ষণিকভাবে এনসিটিবি থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিটিবির তিন জন কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়ে আহত করেন শিক্ষামন্ত্রীর পিএস নাজমুল হক খানের বোন ড. তৌফিকা আক্তার। আহদের মধ্যে রয়েছেন গৌতম কুমার, গিয়াস উদ্দিন ও সালমা বেগম। এ ঘটনার পর মতিঝিল থানা পুলিশ ড. তৌফিকাকে বাসায় পৌঁছে দেয়।

এসব বিষয়ে শিক্ষামন্ত্রীর পিএস নাজমুল হক খানের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বর (০১৭১৬৯৪১০২৯) মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।