আদালতে খালেদা জিয়া: যুক্তি উপস্থাপন চলছে

বৃহস্পতিবার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হন খালেদা জিয়া (ছবি- ফোকাস বাংলা)জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২৪ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের অস্থায়ী আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে হাজিরা দেন তিনি। এর আগে, সকাল ১১টা ১৫ মিনিটে এই মামলায় তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আমিনুল ইসলাম। পরে আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয় সকাল ১১টা ৩০ মিনিটে।
খালেদা জিয়া ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন— খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র সাবেক নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে আসামি করা হয়। এই মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলার অভিযোগ গঠন করেন। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আদালতে এই মামলার যুক্তি উপস্থাপন চলছে।