‘ডিজিটাল নিরাপত্তা আইন হলো নতুন বোতলে পুরনো মদ’

বাম দলগুলোর প্রতিবাদ মিছিল (ছবি: সাদ্দিফ অভি)ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘নতুন বোতলে পুরনো মদ’ বলে আখ্যায়িত করেছেন বাম দলগুলোর নেতারা। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এমন মন্তব্য করেন তারা। গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।


সমাবেশে বক্তারা বলেন, ‘এটি এক ধরনের ডিজিটাল শাসক নিরাপত্তা আইন। এই আইন ইতোমধ্যে সাংবাদিক সমাজ প্রত্যাখান করেছে। সাধারণ মানুষও ভালোভাবে নেয়নি। আইনটিকে আমরাও প্রত্যাখান করেছি। এই আইন মূলত নতুন বোতলে পুরনো মদ। এই আইন করে সরকার আরও স্বৈরাতান্ত্রিক এবং আরও দমন ও নিপীড়নের হাতিয়ার চালু করতে যাচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘একজন মন্ত্রী জানিয়েছেন, মন্ত্রী-এমপিদের মানইজ্জত রক্ষার্থে এই আইন হচ্ছে। দেশে অনেক কালো আইন আছে, তাতেও সরকারের হচ্ছে না। তাই এবার কালো কুচকুচে আইন করা হচ্ছে! তারা এখন সাংবাদিকদের মুখেও টেপ লাগিয়ে দিতে চায়।’

সমাবেশ শেষে কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল বের করে বাম দলগুলো। এ সময় ছিলেন শ্রমিক নেতা মোশারেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্যান্য নেতারা।