রাজধানীর প্রবেশমুখগুলো ক্যামেরায় মনিটরিং করবে ডিএমপি

তল্লাশি করছেন পুলিশ সদস্যরা
রাজধানীর প্রবেশমুখগুলোতে ক্যামেরা দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রবেশমুখের সবকিছু সদর দফতরে বসে দেখতে পারবেন কর্মকর্তারা। সে অনুযায়ী সেসব স্থানে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নির্দেশনা দেবেন তারা। এছাড়াও মহানগরীতে প্রবেশ করা প্রতিটি পরিবহনে তল্লাশি করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাতে কোনও দুষ্কৃতিকারী ঢাকায় প্রবেশ করে কোনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা করছে পুলিশ। এজন্য এসব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, ঢাকায় প্রবেশেমুখ টঙ্গি, আমিনবাজার, যাত্রাবাড়ী ও পোস্তগোলায় ক্যামেরা বসানো হয়েছে। ইতোমধ্যে ঢাকার প্রতিটি প্রবেশমুখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাস থামিয়ে করা হচ্ছে তল্লাশি। মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে চলছে তল্লাশি।

সতর্ক অবস্থানে পুলিশ

ঢাকার প্রবেশপথগুলো ছাড়াও পাড়া-মহল্লায় এবং বিভিন্ন আবাসিক হোটেলে চালানো হচ্ছে তল্লাশি। পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। টহলের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে তারা।

মঙ্গলবার বিকালে ৮ ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করে ঢাকার রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোনও ধরনের মিছিল, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

এক বিবৃতিতে  কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রাজধানীর আবাসিক হোটেলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। কোন হোটেলে কোন বোর্ডার রয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ তার খোঁজ খবর রাখছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পরবর্তী সময়ে বাংলাদেশ ভালো থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘৮ ফেব্রুয়ারি দেশে কোনও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেবো না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজাগাঁওয়ে বিজি প্রেসের কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক পুরস্কার বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসাদুজ্জামান খাঁন কামাল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রায়ের দিন আদালতে আসার পথে খালেদা জিয়ার গাড়িবহর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইন অনুযায়ী বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। তারা (বিচারকরা) কী রায় দেবেন, তারা জানেন। আমরা বলছি, যারা নৈরাজ্য করে, বিশৃঙ্খলা করে, এদেশের মানুষ তাদের পছন্দ করে না। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী এদেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ, রাস্তায় ব্যারিকেড কিংবা কোনও ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেবে না। আমরা মনে করি, রায়ে কী হবে তা বিচারক জানেন। রায় পরবর্তী সময়ে বাংলাদেশ খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। কারণ এদেশের মানুষ কোনও দিন জঙ্গি, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা পছন্দ করেন না। যারা বিশৃঙ্খলা করবে, এদেশের মানুষ তাদের প্রত্যাখান করবে। আর আমাদের নিরাপত্তা বাহিনী তাদের করণীয় কাজটি অবশ্যই করবে।’