বিএনপিপন্থী আইনজীবীদের হাইকোর্ট থেকে বের হতে পুলিশের বাধা

হাইকোর্টের গেটে বিএনপিপন্থী আইজীবীদের বাধা দেয় পুলিশবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হাইকোর্টের বাইরে যেতে বিএনপিপন্থী আইনজীবীরা পুলিশি বাধার মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এই আইনজীবীরা হাইকোর্টের মাজার গেট দিয়ে দল বেঁধে বের হতে গেলে পুলিশ তাদের গতিরোধ করে। এরপর পুলিশ গেটটি বন্ধ করে দেয়।

তবে বাধার মুখে দাঁড়িয়ে থেকেও তালাবদ্ধ গেট ধরে বারবার স্লোগান দিচ্ছেন বিএনপি সমর্থিত এই আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মনির হোসেন বলেন, ‘মিথ্যা মামলা আর সাক্ষ্য সাজিয়ে বিএনপি চেয়ারপাসনের বিরুদ্ধে আজ  রায় ঘোষণা করা হবে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেত্রীকে জেলে পাঠানোর নামে দেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা চলছে। এই রায়ের মাধ্যমে সরকার বাকশাল কায়েম করতে চাইছে। তাই প্রতিবাদ করায় তারা আমাদের আটকে দিয়েছে। এভাবে একটি দেশ চলতে পারেনা। খালেদা জিয়ার কিছু হলে আমরা আরও  দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।