দ্বারে দ্বারে ঘুরছেন খালেদা জিয়ার আইনজীবীরা

কারা কর্তৃপক্ষের সাক্ষাৎ পেতে দ্বারে দ্বারে ঘুরছেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তারা কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে কারা ফটকে আসেন। সেখানে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও কারও সাক্ষাৎ না পেয়ে সাড়ে সাতটার দিকে তারা যান কারা অধিদফতরে। সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয় তাদের।

কারা অধিদফতরের দ্বারে খালেদা জিয়ার আইনজীবীরাঅধিদফতরের নিরাপত্তারক্ষীরা জানান, এখন কথা বলার মতো বা কোনও আবেদন নেওয়ার মতো কেউ নেই। খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে রয়েছেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাকির হোসেন ভূঁইয়া ও এসএম জুলফিকার।

অধিদফতর থেকে ফিরিয়ে দেওয়ার পর খোকন বলেন, ‘একটা আবেদনপত্র দেওয়ার জন্য কাউকে পাবো না, এটা কেমন কথা। গতকাল কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারাই আসতে বলেছিলেন। এখন কেউ ফোন ধরছেন না, খবর পাঠিয়েও কারও সাক্ষাৎ পাচ্ছি না।

পুলিশের ব্যারিকেডে অবস্থান নিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরাকারা অধিদফতর থেকে ফিরিয়ে দেওয়ার পর খালেদা জিয়ার এ তিন আইনজীবী নাজিমউদ্দিন সড়কে দেওয়া পুলিশের ব্যারিকেডে অপেক্ষা করছেন। এখনও ভেতরে প্রবেশের অনুমতি পাননি তারা।

এর আগে, বিকালে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার মেজ বোন সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দার। এসময় তাদের সঙ্গে আরও ছিলেন শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তাদের ছেলে ফায়েক ইস্কান্দার।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে সেখানেই রাখা হয়েছে। 

আরও পড়ুন: কারা ফটকে খালেদা জিয়ার আইনজীবীরা