খালেদা জিয়ার মামলার রায়ের কপি পেতে আদালতে ৩ হাজার ফলিও

কারাগারের পথে খালেদা জিয়া (ফাইল ছবি)জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সার্টিফায়েড কপি পেতে ৩ হাজার নন জুডিশিয়াল স্ট্যাম্প (ফলিও) জমা দেওয়া হয়েছে আদালতে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এই পলিও জমা দিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ।

খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটির ৬৩২ পৃষ্ঠা রায়ের সার্টিফায়েড কপির জন্য তিন হাজার পৃষ্ঠার নন জুডিশিয়াল স্ট্যাম্প আদালতে জমা দেওয়া হয়েছে। এই পেপারে রায়ের সার্টিফায়েড কপি তৈরি হবে। কপিগুলো হাতে পেলে আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারব।’

সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘এই রায়টি অনেক বড়। তাই রায়ের কপি পেতে সময় লাগছে।’ তবে আজকের মধ্য এই কপিগুলো হাতে পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।