রাজধানী গুলশানের নর্দায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আসাদুর রহমান আজিজ (৩৮)। গুলশান থানার উপ-পরিদর্শক মো. আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রবিবার সকাল ৭টার দিকে গুলশানের নর্দা এলাকার কোকাকোলার বিপরীতে সুপ্রভাত পরিবহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সকাল পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক সৈকত হোসেন রনি জানান, আজিজ টিউশনি করতেন। তার স্ত্রী নাম শ্যামলী আকতার। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। সকালে গুলশানের বাসা থেকে কাজের উদ্দেশে বের হয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন আজিজ।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য আজিজের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আজিজ মানিকগঞ্জ সদর বাঙ্গালা গ্রামের মৃত মো. শামেজ উদ্দিনের ছেলে।