বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রবিবার (১৮ ফেব্রুয়ারি) আদালতের বেঞ্চ সহকারী তৌহীদুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল কিন্তু শাহবাগ থানার পুলিশ (পরিদর্শক) তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ নতুন তারিখ নির্ধারণ করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়। সেখানে বক্তব্যের মধ্যে তিনি বলেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।’ সেদিন তিনি আরও বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চলছে দুর্নীতি ও লুটপাট। দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে, সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট ও হত্যা করছে।
এই ঘটনায় গত ২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।