নকশা বহির্ভূত ভবন ও পার্কিংয়ের অবৈধ ব্যবহার বন্ধে রাজধানীর উত্তরা এবং মোহাম্মদপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার মোহাম্মদপুর এলাকায় রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অথরাইজড অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অন্যদিকে, উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ ও ৬ নম্বর রোডে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫টি ভবনের মোট ৬টি দোকানসহ অননুমোদিত স্থাপনা ও বর্ধিত অংশ অপসারণ করা হয়।
প্রসঙ্গত, রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যে সব প্লট, ভবন, ফ্ল্যাটে অননুমোদিত, অবৈধ ভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র্যা ম্প নির্মিত হয়েছে সে সব অননুমোদিত স্থাপনা-ব্যবহার বন্ধকরণে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
উচ্ছেদ কার্যক্রমে রাজউকের জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর) এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডল, মো. খায়রুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।