জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: ১৩ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার জামিন

খালেদা জিয়াজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের জন্য ১৩ ও ১৪ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সেই সঙ্গে এ মামলায় ১৩ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার জামিনের সময় বাড়লো।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল আজ। কিন্তু যুক্তিতর্কের জন্য আমরা সময়ের আবেদন করেছি। আদালত আবেদন মঞ্জুর করে ১৩ ও ১৪ মার্চ পরবর্তী দিন ধার্য করেন। ফলে এ মামলায় ওই তারিখের আগ পর্যন্ত খালেদা জিয়ার জামিনের সময় বাড়লো।
দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আসামি পক্ষের সময় আবেদনের বিরোধিতা করেন। বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) খালেদা জিয়াকে আদালতে হাজির করার আবেদন করেছি। আদালত এই বিষয়ে (আবেদন) কোনও আদেশ দেননি।’

বিচারক তখন দুদকের আইনজীবীকে বলেন, ‘আগামী ধার্য তারিখের আগে যদি খালেদা জিয়া জামিন না পান, সেক্ষেত্রে কারাগার থেকে আদালতে হাজির করার আদেশ দেবেন।’

এর আগে রবিবার খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে যুক্তিতর্ক উপস্থাপনের সময় দিয়ে সোমবার পর্যন্ত আদালত মুলতবি করা হয়।