শিমুল বিশ্বাস কারাগারে

 



শামসুর রহমান শিমুল বিশ্বাসরাজধানী রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা নাশকার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব এ আদেশ দেন।

এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে শিমুল বিশ্বাসকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

অন্যদিকে রাজধানীর গুলশান ও বংশাল থানায় দায়ের করা নাশকতার মামলায় শিমুল বিশ্বাসকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করেছে পুলিশ। গুলশান থানার মামলায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন শিমুল বিশ্বাসকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামী ৪ মার্চ রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন। আর বংশাল থানার মামলায় মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী শিমুল বিশ্বাসকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেছেন ৪ মার্চ।

শিমুল বিশ্বাসকে গুলশান থানার মামলায় ১০ দিন এবং বংশাল থানার মামলায় ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ আদালত প্রাঙ্গন থেকে তাকে আটক করা হয়।