মানবতাবিরোধী অপরাধ: গফরগাঁওয়ে ১১ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত

একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১১ জনের বিরুদ্ধে ৪টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। েএকইসঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 

রবিবার (৪ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল থেকে এ আদেশ দেওয়া হয়। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে গত বছরের ২০ ফেব্রুয়ারি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এই ১১ আসামির মধ্যে গ্রেফতারকৃত ৫ আসামি হলো, মো. খলিলুর রহমান মীর (৬২), মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম (৬৫), মো. আব্দুল্লাহ (৬২), আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন (৬৮), রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী (৭৪)। এছাড়া অন্য আসামিরা পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা। তবে অভিযুক্ত সবাই জামায়াত-বিএনপির সমর্থক বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী চারটি অভিযোগ আনা হয়েছে।