দুই দাবিতে মানববন্ধনে ডিএনএ প্রোফাইলিং ও স্ক্রিনিং ল্যাবের কর্মকর্তা-কর্মচারীরা

ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং ডিভিশনাল ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। রবিবার সকালে মহিলা বিষয়ক অধিদফতরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরাআন্দোলনকারী ঢাকা মেডিক্যাল কলেজ ডিএনএ ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা আশীষ কুমার মজুমদার জানান, দুই দফা দাবিতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের সব ডিএনএ ল্যাব ও স্ক্রিনিং ল্যাবে কর্মরত জনবলসমূহ প্রস্তাবিত রাজস্ব খাতে স্থানান্তর ও ১০ মাসের বকেয়া বেতন আদায়ে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আন্দোলনের অংশ হিসাবে দাবি আদায়ে রবিবার সকালে নিউ ইস্কাটন রোডের প্রকল্প পরিচালকের অফিস মহিলা বিষয়ক অধিদফতরের সামনে মানববন্ধন পালন করা হয়।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অনির্দিষ্টকাল চলতে থাকবে। আগামীকালও (সোমবার) একই স্থানে সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান নেওয়া হবে।’