নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৫ মার্চ) পৃথক পাঁচটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা।
এ ব্যাপারে মাসুদ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে বিভিন্ন ঘটনায় গত ৮, ১০ ও ২৪ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগ এনে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং বিনা অনুমতিতে বিক্ষোভ মিছিল বের করার অভিযোগও আনা হয়। ওই পাঁচ মামলায় হাইকোর্টে হাজির হয়ে খায়রুল কবির খোকন আগাম জামিন প্রার্থনা করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।’