মন্ত্রী বলেন, ‘নারী দিবসে নারীর সাফল্য-ব্যর্থতা নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু শ্রমজীবী-কর্মজীবী নারীরা তেমন আলোচনায় আসে না। দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমজীবী নারীর বিষয়ে ভাবতে হবে আগে। দেশে শীর্ষ পর্যায়ে নারীর ক্ষমতায়ন প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে নারীর অংশগ্রহণ বেড়েছে। কিন্তু নারী তার পুরুষ সহকর্মীর সমান সুযোগ ও ক্ষমতা পাচ্ছে না।’
আয়োজকদের পক্ষ থেকে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মো. মজিবুল হক মনির। তিনি বলেন, ‘দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ যেমন বাড়ছে, নারীর ক্ষমতায়ন যেমন বেগবান হচ্ছে, তেমনি ত্বরান্বিত হচ্ছে দেশের উন্নয়ন। দেশের মোট জিডিপিতে নারীর অবদান এখন প্রায় ৩৪ ভাগ। বাংলাদেশের ৪৪ ভাগ নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি কাজে জড়িত।’
তিনি বলেন, ‘বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী (৪৯.৪ ভাগ)। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৩৫.৬ ভাগ নারী। অথচ দেশের মোট ভূমি মালিকানার মাত্র ২-৩ ভাগ পাচ্ছে সেই নারী।’
মজিবুল হক উল্লেখ করেন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ৫৭ ভাগ নারী কর্মী তার পুরুষ সহকর্মীর চেয়ে গড়ে ৫২ ভাগ কম বেতন পান। শুধু কম বেতনের কারণে ৩৩ ভাগ নারী চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। অনেক ক্ষেত্রে বেতন বৈষম্যের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রেও নারীকে বৈষম্যের শিকার হতে হয়।’
বিশেষ অতিথির বক্তব্যে হাজেরা সুলতানা এমপি বলেন, ‘নারীর কথাগুলো নারীকেই সোচ্চার কণ্ঠে বলতে হবে। যে নারী শ্রমিক বৈষম্যের শিকার হচ্ছেন, সেই নারী শ্রমিককেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রবাসী নারী শ্রমিকরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হচ্ছেন। গৃহকর্মী হিসেবে যে নারীরা বিদেশে গিয়ে কৃতদাসে পরিণত হচ্ছেন, তাদের কথাও ভাবতে হবে।’
জাতীয় কিষানী শ্রমিক সমিতির সভাপতি নাসরিন সুলতানার সঞ্চালনায় এবং বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, নেসলে এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি জাকির হোসেন, ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাহমিদা আখতার, শ্রমিক নেতা আবুল হোসেন, নেসলে এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য খাদিজা ইসলাম, নেসলে এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর এবং বাংলাদেশ নারী মুক্তি সংসদের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক শিউলি শিকদার।