মিরপুর ও খিলগাঁওয়ে ছিনতাইকারীর হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত

ছিনতাইরাজধানীর মিরপুর ও খিলগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেল নিয়ে গেছে। এছাড়া লালবাগে এক তরুণকে ছুরিকাঘাত করেছে আরেক তরুণ। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।

মিরপুরে আহতরা হলো অপু কুমার সরকার (৩০) ও আনিসুর রহমান (৩২)। খিলগাঁওয়ে মনির হোসেন (৩২) ও লালবাগে বাপ্পা (২৫)।

মার্টি নেট সিকিউরিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মিরপুর দুই নম্বর সেকশনের ই ব্লকের নোভা রহমান হাউজিং সোসাইটির একটি বাসায় তিন ছিনতাইকারী রড দিয়ে তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করে। এসময় অপু কুমার সরকার বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে ভেতরে ঢুকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় অপুর চিৎকারে আনিসুর রহমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অপু সরকার ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছেন। আনিসুর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকার ৬৬ নম্বর বাসায় শুক্রবার ভোর ৫টার দিকে তিন ছিনতাইকারী কলাপসিবল গেটের তালা ভেঙে প্রবেশ করে। তখন দারোয়ান মনির বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মনিরের চিৎকার শুনে  সিআইডির এএসপি আফসার উদ্দিন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। গুরুতর আহত মনির ঢামেক ভর্তি রয়েছেন।  

এসআই বাচ্চু মিয়া জানান, লালবাগে ভাঙারি দোকানের কর্মচারী বাপ্পাকে (২৫) বিজিবি ১ নম্বর গেটের পাশের স্কুলের সামনে ওমর ফারুক (২৪) নামের এক তরুণ ছুরিকাঘাত করে। সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও র‌্যাব-২ তাকে হাতে-নাতে ধরে ফেলে। পরে তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়। লালবাগ থানার এএসআই আনোয়ার হোসেন তাকে ঢামেকে নিয়ে যান এবং ভর্তি করান। বাপ্পা হাজারীবাগের পার্কের পাশে ভাড়া বাসায় থাকেন।