আহতরা অনেক আগেই ছাত্রলীগ থেকে বহিষ্কৃত: ছাত্রলীগ সভাপতি

হামলায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বর সংলগ্ন বিবিএ অনুষদের সামনে ১৫-২০ জন তরুণের হামলায় আহত হন তিন ছাত্রলীগ কর্মী। তবে আহতদের সবাই অনেক আগেই ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা আহত হয়েছেন, তারা সবাই অনেক আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃত কেউ কি নিজেকে ছাত্রলীগ দাবি করতে পারে?’

আহত তিন ছাত্র হলেন- মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেশকাত হাসান, সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এম এম কামাল উদ্দিন ও দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাগর রহমান।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল থেকে খাবার খেয়ে বের হওয়ার পর ‘কিসের সম্মেলন চাস, সোহাগ ভাই-জাকির ভাইয়ের বিরোধিতা করিস, এত বড় সাহস’ এই বলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর সংলগ্ন এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন একটি বহিষ্কারাদেশ দেখান। দেখা যায়, সাগর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে অন্য দু’জনের ব্যাপারে কোনও তথ্য-প্রমাণ দেওয়া হয়নি।  

এ ব্যাপারে হামলায় আহত মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেশকাত হাসান বলেন, ‘আমি হলের পোস্টে ছিলাম। এখন সাবেক। আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়নি।’

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বর সংলগ্ন বিবিএ অনুষদের সামনে ১৫-২০ জন তরুণের হামলায় আহত হন ছাত্রলীগের ৩ নেতাকর্মী। সম্প্রতি ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনের পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপ অবস্থান নিয়েছে। এরই জের ধরে এ হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগীদের।