জঙ্গি হামলার দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

মশাল মিছিলদেশে সংঘটিত সব জঙ্গি হামলার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ  ও মশাল মিছিল করেছে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা। শনিবার (১০ মার্চ) সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার উদ্যোগে এ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়।

মশাল মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবেদ খান। তিনি বলেন, ‘যে জাতির স্বাধীনতা দিবস ও বিজয় দিবস থাকে, সে জাতিকে কোনও অপশক্তি পরাজিত করতে পারবে না। ঐক্যের শক্তি, মানবিকতার শক্তির মাধ্যমে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা এ দুটি শব্দ এক ও অভিন্ন। এ দুটি শব্দের নীতি ও দর্শন এক। অধ্যাপক জাফর ইকবালের ওপর যারা হামলা করেছে, তারা এ দুটি শব্দের চেতনায় বিশ্বাসী। বাঙালি সমাজ অসাম্প্রদায়িক চেতনার সমাজ, এ সমাজে কোনও জঙ্গিবাদের স্থান নেই। একদিন না একদিন এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে।’

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী রানা দাশগুপ্ত, সাংবাদিক সৈয়দ ইসতিয়াক রেজা প্রমুখ।