শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ দুই ভারতীয় আটক






স্বর্ণহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দুই নাগরিকের কাছ থেকে ২ কেজি ৭৮৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার (২০ মার্চ) এ ঘটনায় গুরজান্ত সিং ও অনীল কুমারকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সাইদুল ইসলাম বলেন, ‘ভারতীয় যাত্রী গুরজান্ত সিং ও অনীল কুমার মঙ্গলবার বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে ইমিরেটস এয়ারলাইনের (ইকে ৫৮৬) ফ্লাইটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল গ্রিন চ্যানেলে নজর রাখে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুই যাত্রী স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে যাত্রীর ব্যাগ স্ক্যান করে ও শরীর তল্লাশি করে তাদের শরীর থেকে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।’
এ ঘটনায় শুল্ক আইন- ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।