বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে, কর্মসূচি চলাকালে এক আন্দোলনকারীকে ছাত্রলীগের নেতারা ধরে নিয়ে যান বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারী উজ্জ্বল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শান্তিপূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করি। ওই সময় ছাত্রলীগের কয়েকজন নেতা এসে আমাদের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কয়েকজনকে মধুর ক্যান্টিনে ধরে নিয়ে যায়।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদেরকে আলোচনার জন্য মধুতে ডাকা হয়েছে। সুষ্ঠুভাবে আলোচনা শেষ করার পর এখন আমরা চলে যাচ্ছি।’
পাঁচ দফা দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করে আসছে আন্দোলনকারীরা। তাদের দাবিগুলো হলো- কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, কোটায় প্রার্থী পাওয়া না গেলে শূন্যপদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ, নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা, কোটায় কোনও ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা করতে হবে।