নানাবাড়ি যেতে গিয়ে ঢামেকে ব্রাহ্মণবাড়িয়ার শিশু সালাউদ্দিন

ঢামেকে আহত সালাউদ্দিন‘আমি নানির বাড়ি যামু, আমারে নানির বাড়ি দিয়ে আসেন।’ এভাবেই হাসপাতালের বেডে শুয়ে কাঁদতে কাঁদতে বলছিল ১১ বছর বয়সী সালাউদ্দিন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে সে। রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে সোমবার রাত সোয়া ১১টার দিকে ঢামেকে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ।

চিকিৎসকরা জানিয়েছেন, সালাউদ্দিনের মাথা ও ডান পায়ে আঘাত রয়েছে। মাথার আঘাত গুরুতর না হলেও পা ভেঙে গেছে। তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সে ১০০ নম্বর ওয়ার্ডে রয়েছে।

হাসপাতালে নেওয়ার সময় শিশুটির জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর সে জানায়, তার বাবার মো. ফারুক। ব্রাহ্মণবাড়ীয়ার কসবায় তাদের বাড়ি। সে সোমবার মহানগর ট্রেনে করে খিলক্ষেতে তার নানার বাড়ি আসছিল। বিমানবন্দর এলাকায় ট্রেন ব্রেক করলে সে পড়ে যায়। সে জানায়, তার নানার নাম ফারুক। খিলক্ষেতের খাঁ পাড়ায় তার বাসা। দুই ভাই, দুই বোনের মধ্যে সালাউদ্দিন দ্বিতীয়।