মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

দুর্ঘটনামালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৮ মার্চ) পাহাঙ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ফরহাদ হোসেন ও আরেকজন রফিকুল ইসলাম। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর শাহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি ফোনে বলেন, ‘ছয় জন বাংলাদেশি কর্মী একটি মাইক্রোবাসে করে যাওয়ার সময় পাহাঙ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বাকি চার বাংলাদেশি আশঙ্কামুক্ত আছেন।’
দেশটির পুলিশ সূত্রমতে জানা গেছে, মালয়েশিয়ান গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। যে দুইজন মারা গেছেন তারা বৈধ কর্মী ছিলেন। তারা যে কোম্পানিতে কাজ করতেন তাদের সঙ্গে যোগযোগ করা হয়েছে। নিহতদের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।