ঢাকা মহানগরীতে যানজট হ্রাসে গণপরিবহনের দক্ষ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে অপেক্ষার সময়, বাসে ওঠা-নামা ও বাস পরিবর্তনের সুবিধা সৃষ্টির পাশাপাশি পৃথক লেনের সুপারিশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শনিবার (৩১ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই সুপারিশগুলো তুলে ধরেন বক্তারা।
জাইকা’র একটি গবেষণা প্রতিবেদনের কথা তুলে ধরে বক্তারা জানান, ঢাকায় পাবলিক বাসে প্রতিদিন প্রায় ১৯ লাখ যাত্রী চলাচল করে। ঢাকার তিনটি করিডোরে পাবলিক বাসে যাতায়াতের জন্য গড়ে ৭৭ মিনিট করে সময় লাগে। যার ২৪ শতাংশ বাসের জন্য অপেক্ষা, ৪৪ শতাংশ বাসে ওঠা-নামা এবং বাস পরিবর্তন এবং ৩২ শতাংশ সময় বাসে চলন্ত অবস্থায় সময় ব্যয় হয়।
পাবলিক বাস সার্ভিসের মান উন্নয়নে দক্ষভাবে পাবলিক পরিচালনার জন্য অভিভাবক সংস্থা রাখা এবং সংস্থার মধ্যে সমন্বয়ের দরকার আছে বলে মনে করে পরিবেশবাদীদের এই সংগঠন। বাসযাত্রীদের সেবা নিশ্চিত হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় প্রতিরোধ করা জরুরি বলে মনে করেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক তৈয়ব রহমান, পবার সহ সম্পাদক ওয়াহেদ রাসেলসহ অন্যান্য কর্মীরা।