রাজধানীর পান্থপথে গুডলাক ভবনে সাইফুর’স-এর হেড অফিসে অভিযান চালিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কাস্টমস-এর ধানমন্ডি ডিভিশন অফিসের কর্মকর্তারা এ অভিযান চালায়।
অফিসটিতে সরেজমিন দেখা যায়, কাস্টমসের ধানমন্ডি ডিভিশনের ডেপুটি কমিশনার শহিদুল ইসলামসহ চারজন কর্মকর্তা সাইফুর’স-এর যাবতীয় কর পরিশোধের নথিসহ সব ধরনের কাগজপত্র যাচাই-বাছাই করছেন।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে ধানমন্ডি ডিভিশনের ডেপুটি কমিশনার শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘ আমরা সাইফুর’স-এ এসেছি, তাদের ভ্যাট-ট্যাক্সের সমস্ত কাগজপত্র নিচ্ছি। যাচাই-বাছাই করে তারপর আপনাদের জানানো হবে প্রতিষ্ঠানটির ভ্যাট-ট্যাক্সসহ অন্য কোথাও কোনও সমস্যা আছে কিনা।’
এ ব্যাপারে সাইফুর’স-এর জেনারেল ম্যানেজার আনিসুর রহমান আনিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভ্যাটের কর্মকর্তারা নিয়মিতই আসেন। আমরা ভ্যাট-ট্যাক্স দিচ্ছি কিনা যাচাই বাছাই করেন। এটা তাদের রেগুলার কাজ। আমি আমাদের পক্ষ থেকে তাদের চাহিদামতো সব কাগজপত্র সরবরাহ করেছি।'
এর আগে, ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বৃহস্পতিবার (২৯ মার্চ) থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। অথচ সেই নির্দেশ উপেক্ষা করে খোলা রয়েছে সাইফুর’স-সহ বেশ কয়েকটি কোচিং সেন্টার।
সাইফুর’স খুলে রাখার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার আনিসুর রহমান আনিস বলেন, ‘আমরা তো কোনও কোচিং সেন্টার নই। আমরা প্রাইভেট কোম্পানি। আমাদের লাইসেন্সসহ সব কাগজপত্রে সেটাই লেখা রয়েছে। তাছাড়া আমরা বিভিন্ন প্রফেশনাল কোর্সসহ ল্যাঙ্গুয়েজ কোর্স করাই। আমরা কোনও একাডেমিক কোচিং করাই না। ফলে এটা কোনও কোচিং সেন্টার নয়।’