বাংলা ট্রিবিউনে প্রকাশিত তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য ২০১৮ সালের মার্চ মাসের সেরা প্রতিবেদকদের নাম ঘোষণা করা হয়েছে। এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, সর্বাধিক পঠিত, সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট এবং মফস্বলের সেরা প্রতিবেদন বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
মার্চ মাসের সেরা যারা
এ বছরের মার্চে সেরা হয়েছেন- বাংলা ট্রিবিউনের প্রতিবেদক সাদ্দিফ অভি, দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু, যুক্তরাজ্য প্রতিনিধি মুনজের আহমদ চৌধুরী, গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ। এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের বিদেশ ডেস্কের সহ-সম্পাদক মাহাদী হাসান। এছাড়া ফেব্রুয়ারিতে সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে সেরা হয়েছেন রশিদ আল রুহানী এবং সাদ্দিফ অভি।
মার্চ মাসে এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন বিদেশ ডেস্কের প্রতিবেদক মাহাদী হাসান। গত ১৮ মার্চ প্রকাশিত ‘বাংলাদেশে আসতে চান খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী’ প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে তাকে।
সেরা রিপোর্ট (জাতীয়) ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন বাংলা ট্রিবিউনের প্রতিবেদক সাদ্দিফ অভি। তার লেখা ‘জ্যামেই জীবিকা!’ প্রতিবেদনটি প্রকাশিত হয় ৩ মার্চ।
গত ২৫ মার্চ প্রকাশিত ‘নরসুন্দর রাশেদের কয়েনের জাদুঘর’ প্রতিবেদনটির জন্য গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশকে মফস্বলের সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।
ব্রেকিং ক্যাটাগরিতে সেরা প্রতিবেদন নির্বাচিত হয়েছে যুক্তরাজ্য প্রতিনিধি মুনজের আহমদ চৌধুরীর লেখা “শিশু সন্তানের সঙ্গে ‘ঘৃণিত’ আচরণ, লন্ডনে বাংলাদেশি মায়ের কারাদণ্ড”। এটি প্রকাশিত হয় ১৮ মার্চ।
আন্তর্জাতিক বিভাগে সেরা হয়েছে ১৮ মার্চ প্রকাশিত দিল্লি প্রতিনিধি রঞ্জন বসুর ‘লাদাখ-সিকিমের দরজা খুলছে বাংলাদেশি পর্যটকদের জন্য’।
এছাড়া ফেব্রুয়ারি মাসের সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে ‘ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল’ প্রতিবেদনটির জন্য পুরস্কৃত হয়েছেন গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত রশিদ আল রুহানী এবং সাদ্দিফ অভি।